নোরা ফাতেহি, আতিফের সঙ্গে দুবাই মাতাবেন শাকিব

১৫ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন লিগ। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহি, আতিফ আসলামের সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে। ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।

জানা গেছে, ১৪ নভেম্বর দেশটির রাজধানী আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে শাকিবের সঙ্গে মঞ্চ মাতানোর কথা রয়েছে বলিউডের নোরা ফাতেহি ও পাকিস্তানের আতিফ আসলামের। এছাড়াও দেখা যাবে প্রভাতী নায়ার ও হুসাইন খাজারওয়ালাকে। টি-টেন লিগে এবার প্রথমবারের মতো খেলছে বাংলাদেশের একটি দল। নাম ‘বাংলা টাইগার্স’। দলটির মালিক ইয়াসিন চৌধুরী ও সিরাজউদ্দিন আলম।

শাকিব খান জানান, বাংলাদেশ থেকে আমাকে আমন্ত্রণ জানানোতে বাংলাদেশি শিল্পী হিসেবে আমি গর্বিত। এটা আমার দেশের জন্য নিঃসন্দেহে একটি বিরল সম্মান। মঞ্চে আমি বলিউডের বিভিন্ন তারকার সঙ্গে পারফর্ম করব। আশা করছি, আমার দেশের সংস্কৃতির উজ্জ্বল একটি চিত্র আমি সে অনুষ্ঠানে তুলে ধরতে পারব। আমি চাই আমার দেশের চলচ্চিত্র ও বিভিন্ন কাজের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ফুটিয়ে তুলতে।