বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক ও গায়ক অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নতুন নয়। এবার গায়িকা নেহা ভাসিন তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুললেন।
এর আগে অনু মালিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলেছিলেন আরেক গায়িকা আলিশা চিনোয়।
টাইমস অব ইন্ডিয়া, জানায়, অনু মালিকের সঙ্গে ১৫ বছর আগে একটি অপ্রীতিকর পরিস্থিতির কথা প্রকাশ করেন গায়িকা নেহা।
এক যুগ আগের কথা হলেও সেই ঘটনা তাকে এখনো তাড়িয়ে বেড়ায়।
টুইটারে এক পোস্টে নেহা বলেন, ‘আমরা আসলে যৌনতাপূর্ণ এক পৃথিবী বাস করি। অনু মালিক একজন নারী শিকারি। ২১ বছর বয়সে আমাকেও তার খপ্পর থেকে পালিয়ে বাঁচতে হয়েছিল। স্টুডিয়োতে সোফায় ঘনিষ্ঠ হয়ে বসে উনি আমার চোখের প্রশংসা করেছিলেন। আমি মিথ্যে কথা বলে সেখান থেকে পালিয়ে বেঁচেছিলাম। আমি যোগাযোগ বন্ধ করে দেওয়ায় আমাকে ফোন ও মেসেজ করা শুরু করেছিলেন উনি। অনু মালিক একজন বিকৃত রুচির লোক। আমি গানের সিডি নিয়ে গিয়েছিলাম সুযোগ পাওয়ার আশায়। সেখানে তার মতো একজন সিনিয়রের এই ব্যবহার মানায় না।’
গত বছর অনু মালিকের বিরুদ্ধে মিটু এর অভিযোগ ওঠার পরও এ বছর কেন জনপ্রিয় রিয়্যালিটি শো 'ইন্ডিয়ান আইডল'-এ তাকে বিচারক করা হল তা নিয়েই সরব হয়েছেন আরেক গায়িকা সোনা মহাপাত্র। সোনাকে উত্তর দিতে গিয়েই নিজের জীবনের এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন নেহা।
এদিকে, সোনা মহাপাত্র সনি এন্টারটেইনমেন্ট টিভিকে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি অনু মালিকের যৌন হেনস্তার কথা মনে করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সোনু নিগম, বিশাল দাদলানি এবং নেহা কক্কড়কেও এক হাত নিয়েছেন, অনু মালিকের পাশে থাকার জন্য ।