তারা ‘জাস্ট ফ্রেন্ড’, কামনা-বাসনার সম্পর্ক নেই

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের কোনো রোমান্টিক সম্পর্ক নেই বলে দাবি করেছেন লিন্ডসের বাবা মাইকেল লোহান।

মিন গার্লস তারকা আর সৌদি যুবরাজের মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠলে এমনটা দাবি করেন মাইকেল লোহান।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, তার মেয়ে ও সৌদি যুবরাজ জাস্ট ফ্রেন্ড। তাদের মধ্যে নিষ্কাম ও শ্রদ্ধার সম্পর্ক।

চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের কাছে একই দাবি করেন।

মাইকেল লোহান বলেন, ‘তারা দুইজন শুধুই বন্ধু (জাস্ট ফ্রেন্ড)। লিন্ডসে মধ্যপ্রাচ্যে নিয়মিত আসা-যাওয়া করেন, সেখানে সে কাজ করে। বিশেষ করে শরণার্থীদের সহায়তায় সেখানে কাজ করছে সে। ফলে মধ্যপ্রাচ্যে তার অনেক ক্ষমতাধর বন্ধু রয়েছে। সেখানে কাজ করতে গিয়ে সে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছে।’  

তিনি বলেন, ‘সিরিয়ায় শরণার্থী নিয়ে সে (লিন্ডসে লোহান) যেসব ভালো কাজ করছে, সেসব নিয়ে কেউ লিখছে না। তারা শুধু বাজে কথা শুনতে চায়।’

মাইকেল আরও বলেন, ‘সৌদি যুবরাজের সঙ্গে লিন্ডসের সম্পর্ক শ্রদ্ধার এবং কামনা-বাসনাহীন। এর চেয়ে বেশি কিছু নয়।’

মার্কিন তারকাকে একটি ক্রেডিট কার্ডসহ বিভিন্ন উপহার দিয়েছেন সৌদি যুবরাজ, এমনটা খবর বের হলে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠে।

গত আগস্টে মার্কিন তারকার এক প্রতিনিধিও দাবি করেন, লিন্ডসের সঙ্গে সৌদি যুবরাজের কোনো রোমান্টিক সম্পর্ক নেই। তাদের মধ্যে কোনো ক্রেডিট কার্ডও বিনিময় হয়নি।