সামনের ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফীর নতুন ছবি ‘পরান’। পোস্টার প্রকাশের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘোষণা দিলেন নির্মাতা।
রাফীর আগের দুই ছবির প্রধান চরিত্রে ছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। ‘পরান’-এ তার সঙ্গী হয়েছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরীফুল রাজ। তিন অভিনেতাকে পোস্টারে তিনটি লুকে দেখা গেল।
আকর্ষণীয় পোস্টারটি ডিজাইন করেছেন সায়েম।
মাস খানেক আগে সিনেমাটির দৃশ্যায়ন শেষ হয়। টানা ৩১ দিনে পুরো দৃশ্যায়ন হয়েছে ময়মনসিংহে।
রাফীর অভিষেক ছবি ‘পোড়ামন ২’ ছিল পুরোপুরি রোমান্টিকধর্মী। এর পরের সিনেমা ‘দহন’ এগিয়েছে প্রেম ও সমসাময়িক রাজনীতির টানাপোড়েন নিয়ে। নির্মাতা জানালেন, তৃতীয় সিনেমাটি পুরোপুরি রোমান্টিক ধারার।
নিজের গল্প থেকে শাহজাহান সৌরভের সঙ্গে মিলে চিত্রনাট্য করেছেন রায়হান রাফী। সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ।
‘পরান’-এ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার অপু, রাশেদ মামুন অপু, অপু আহমেদ প্রমুখ।
সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজি।