বিশ্বের অন্যতম সেরা সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ছেচল্লিশ বছরে পা রাখলেন শুক্রবার। দিনটি স্মরণীয় করতে একেবারে অন্যরকমভাবে শুভেচ্ছা জানালেন স্বামী অভিষেক বচ্চন।
সোশ্যাল মিডিয়ায় সাবেক বিশ্বসুন্দরীর একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান অভিষেক। ইতালির রোমে সুন্দর গাউন পরে দাঁড়িয়ে রয়েছেন ঐশ্বরিয়া। সেখানে তাকে ‘রাজকুমারী’ বলে সম্বোধন করা হয়।
অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের পর এগারো বছর কেটে গেছে। তাদের জীবনে এসেছে একমাত্র মেয়ে আরাধ্য। সব মিলিয়ে বলিউডের অন্যতম সুখী দম্পতি তারা।
গুরু, রাবণ, ধাই আকসার প্রেম কে, উমরাও জান, কুছ না কাহোসহ আরও কিছু সিনেমায় অভিষেক-ঐশ্বরিয়া একসঙ্গে অভিনয় করেন।
বর্তমানে ঐশ্বরিয়া ব্যস্ত মনি রত্নমের সিনেমার শুটিং নিয়ে। ব্যস্ত রুটিন থেকে সময় বের করে ইতালিতে গিয়েছেন স্বামী-সন্তান নিয়ে। সেখানে জমজমাট জন্মদিন পালন করছেন- বোঝাই যাচ্ছে।
অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে বেশ নাটকীয়। কারিশমা কাপুরের সঙ্গে বাগদান হয় জুনিয়র বচ্চনের। পরে তা ভেঙেও যায়। তবে কারিশমা-অভিষেকের বিয়ে কেন হয়নি- তা একটি রহস্য। বচ্চন বা কাপুর পরিবারের কেউ এই নিয়ে কখনো মুখ খোলেননি। অন্যদিকে সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেন ঐশ্বরিয়া। পরে জড়ান বিবেক ওবেরয়ের সঙ্গে।