সরকারি অনুদানের সিনেমা ‘চন্দ্রাবতী কথা’র বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা এন রাশেদ চৌধুরী।
‘চন্দ্রাবতী কথা’ এই উৎসবের ‘এশিয়ান সিলেক্ট নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনীত হয়েছে। ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে জানুয়ারিতে।
বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী কবি চন্দ্রাবতী’র লেখক হয়ে ওঠার বেদনা-বিধুর জীবন কাহিনি অবলম্বনে নির্মিত ‘চন্দ্রাবতী কথা’। ষোড়শ শতকের বাঙলা ও ময়মনসিংহ গীতিকা এর প্রেক্ষাপট। চন্দ্রাবতীর লোককাহিনির পাশাপাশি সমকালীন সহজিয়া জনজীবনের নন্দনতাত্ত্বিক প্রেক্ষাপট উপস্থাপিত হয়েছে।
‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দোয়েল ম্যাশ। আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, জয়িতা মহলানবিশ প্রমুখ।
এ ছাড়া নভেম্বরে ইন্দোনেশিয়ার-যোগ জাকার্তা শহরে অনুষ্ঠিতব্য ১৪তম জগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘ফোকাস অন বেঙ্গলি ফিল্ম’ শাখায় প্রদর্শিত হবে ‘চন্দ্রাবতী কথা’।
৮ নভেম্বর থেকে কলকাতায় শুরু হচ্ছে ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে আরও প্রদর্শিত হবে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘আলফা’।
উৎসবে ২৪টি দেশের ৫৬ জন প্রতিনিধি এবং ভারতের ৬০ জন প্রতিনিধি অংশ নেবেন। উৎসবের ফোকাস কান্ট্রি ‘জার্মানি’। উৎসবে জার্মানির ৪২টি ছবি দেখানো হবে। মোট ৭৬টি দেশের ২১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১৫২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র দেখানো হবে কলকাতার ১৭টি প্রেক্ষাগৃহে।