খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে কারাগারে সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যা বলেছেন তা অসত্য। বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন বিধায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ’।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আগে থেকে তার আর্থরাইটিস ও ডায়াবেটিস রোগ ছিল। এখন তার যতটুকু চিকিৎসা দরকার সেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে দেওয়া হচ্ছে এবং তিনি এখন সুস্থ আছেন বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছে’।

আদালত স্বাধীন প্রতিষ্ঠান, সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘কারাগার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকায় আমরা প্রতিদিনই তার খোঁজখবর নিচ্ছি। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। কিছুদিন আগেও তার আত্মীয়রা তাকে দেখতে গিয়েছিলেন। সবাই জানেন, তিনি চিকিৎসা সেবায় রয়েছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা যেখান থেকে দেওয়া হয় সেখানেই তিনি সেবা নিচ্ছেন। কাজেই বিএনপির এ ধরনের প্রশ্ন সঠিক নয়’। 

কঠিন চীবর দান অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, অতিরিক্ত পুলিশ (অপরাধ) সাইদুর রহমান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।