শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে কাঁচাবাজারগুলোতে, তবে চড়া দামেই বিক্রি হচ্ছে। কোনোটির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। এগুলোর মধ্যে রয়েছে টমেটো, গাজর, বেগুন, ঢেঁড়স, পটোল ও ফুলকপি। ঢাকা ও চট্টগ্রামের বাজারে এসব সবজির দাম ১০-২৫ টাকা পর্যন্ত বেড়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গতকাল রাজধানীর বেশিরভাগ কাঁচাবাজারে অধিকাংশ সবজি আগের সপ্তাহের মতোই চড়া দামে বিক্রি হয়েছে। তবে বেগুন, টমেটো ও গাজরের দাম আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। বেগুন ২০ টাকা বেড়ে ১০০ টাকা, টমেটো ২০-২৫ টাকা বেড়ে ১৪০-১৬০ টাকা ও গাজর গড়ে ২০ টাকা বেড়ে ৮০-১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারে কমেছে ব্রয়লার মুরগির দাম। গতকাল
প্রতি কেজি ব্রয়লার বিক্রি হয়েছে ১২৫-১৩৫ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১৩৫-১৪৫ টাকা। এছাড়া লেয়ার প্রতি কেজি ২০০-২১০ টাকা, সোনালি ২৪০ টাকা, গরুর মাংস ৫৫০-৫৭০ ও খাসির মাংস ৭৫০-৭৮০ টাকা দামে বিক্রি হয়েছে। এদিন ডজনে ৫-১০ টাকা পর্যন্ত কমে ব্রয়লার (লাল) ডিম বিক্রি হচ্ছে ১০৫, সাদা ডিম ১০০ টাকা ও হাঁসের ডিম প্রতি ডজন ২৪০-২৫০ টাকা দরে বিক্রি হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো অফিস জানিয়েছে, গতকাল নগরীর রিয়াজউদ্দিন বাজার, সদরঘাট, চকবাজার, বক্সিরহাট বাজারে সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হয়েছে। এদিন ঢেঁড়সের কেজি ৬০ টাকা বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে ছিল ৫০। আগের সপ্তাহে ৫০ টাকায় বিক্রি হওয়া পটোলের কেজি এদিন বিক্রি হয় ৫৫ টাকায়। ফুলকপি গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকা বেড়ে এদিন বিক্রি হয় ৫০ টাকায়। গত সপ্তাহে ৪০ টাকা দরে বিক্রি হয়েছিল ফুলকপি। এদিন কাঁকরোল-বরবটির দাম ৭০, মুলা ৬০, ঝিঙা ৬০ ও শিম ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। গত সপ্তাহে এসব সবজির দাম ১০-১৫ টাকা কম ছিল বলে জানান ক্রেতারা।