কেরানীগঞ্জে ছিনতাইকালে র‍্যাবের হাতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-সভাপতি মো. ইয়াসিনের বড় ছেলে ও আগানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীমসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র আটক করা হয়। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার বাকি তিনজন হলেন- মো. নুরু মোহাম্মদ (২৪), মো. শাওন (২০) ও মো. রিপন (২৬)।

ডিএডি বদিউল আলম বলেন, গ্রেপ্তার সকলেই ছিনতাইকারী দলের সদস্য। এরা আগানগর ও আশপাশের এলাকায় ধারালো অস্ত্র দিয়ে পথচারীদের ছিনতাই করে থাকে।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি তরবারি, ২টি চায়নিজ কুড়াল, ২টি চাকু, ১টি টেড়া এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।