মালির সামরিক ফাঁড়িতে জঙ্গি হামলায় নিহত ৫৩

মালির উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে জঙ্গিদের হামলায় কমপক্ষে ৫৩ সেনা নিহত হয়েছেন।

শুক্রবার নাইজেরিয়া সীমান্তবর্তী মানাকায় ওই হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

মালির যোগাযোগমন্ত্রী ইয়াইয়া সানগার এক টুইট বার্তায় বলেন, নাইজেরিয়া সীমান্তবর্তী মানাকা অঞ্চলের ইন্ডিলিমানে ওই সামরিক ফাঁড়িতে হামলায় একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।

তিনি আরও বলেন, ‘সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার অভিযান এবং লাশ চিহ্নিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

যোগাযোগমন্ত্রী বলেন, ‘ওই সামরিক ফাঁড়ি থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফাঁড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।’

এএফপির বরাত দিয়ে বাসস জানায়, এর আগে মালির সরকার এ ‘সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়ে হামলায় বহুসংখ্যক লোক হতাহত হওয়ার কথা জানিয়েছে। তবে তখন তারা নিহতের সংখ্যা জানায়নি।

জঙ্গিদের সাম্প্রতিক সহিংস ঘটনার ক্ষেত্রে মালির সামরিক বাহিনীর বিরুদ্ধে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

অবশ্য শুক্রবারের এ হামলার ঘটনায় কোনো গ্রুপ তাৎক্ষণিকভাবে দায়িত্ব স্বীকার করেনি।

উল্লেখ্য, বুরকিনা ফাসো সীমান্তের কাছে জিহাদিদের হামলায় ৪০ সেনা নিহত হওয়ার এক মাস পর এ হামলা চালানো হলো।