রাজধানীর মতিঝিলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মোফাজ্জল হোসেন (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোফাজ্জল রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরে আলম জানান, মতিঝিল টিএনটি কলোনির একটি সরকারি প্রজেক্টের ভবন নির্মাণ হচ্ছিলো। ওই ভবনেই কাজ করেন তিনি। সকালে ২০ তলা ওই ভবনের ১০ তলার পাশে মাচান বেঁধে প্লাস্টার করার কাজ করছিলেন তিনি। সেখন থেকেই নিচে পড়ে যান মোফাজ্জল।
পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ১১টায় মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মামাতো ভাই মো. ইউসুফ আলী জানান, তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মালভাঙ্গা গ্রামে। তার বাবার নাম মৃত মকমত হোসেন। এক মেয়ের জনক তিনি। পরিবারের অন্যরা গ্রামে থাকেন আর তিনি থাকতেন নির্মাণাধীন ওই ভবনেই।