স্প্যানিশ লা লিগায় আর কিছুক্ষণ পরই মাঠে নামবে বার্সেলোনা। রাত ৯টায় শুরু হওয়ার ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ লেভান্তে। এই ম্যাচে থাকছেন বাংলাদেশ ফুটবলের সেরা বিজ্ঞাপন জামাল ভূঁইয়াও। স্পেনে লা লিগার স্টুডিওতে বসে ম্যাচটিতে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ অধিনায়ক।
বার্সেলোনা-লেভান্তে ম্যাচ দেখা যাবে লা লিগার অফিশিয়াল ফেইসবুক পেজে। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেইসবুকে জামাল নিজেই মেসিদের ম্যাচে ধারাভাষ্য দেওয়ার কথা জানিয়েছেন। এ ছাড়া জামাল যে এখন স্পেনে অবস্থান করছেন সেটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।
বিশ্বকাপ বাছাইয়ে ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ১৪ নভেম্বর। এই ম্যাচ খেলতে রবিবারই দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে জামাল ভূঁইয়া ওমানে দলের সঙ্গে স্পেন থেকে সরাসরি যোগ দেবেন। ৪ নভেম্বর তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
গেল মৌসুমের শেষ দিকে জামাল ভূঁইয়া প্রথম লা লিগায় ধারাভাষ্য দেন। এই মৌসুমের শুরুতেও ধারাভাষ্য দিয়েছেন একাধিক ম্যাচে। তবে সেটি দুবাইয়ের স্টুডিওতে বসে। এবারই প্রথম স্পেন থেকে ধারাভাষ্য দেবেন।
নিজের খেলার ব্যস্ততা না থাকলে জামালকে নিয়মিতই দেখা যাবে এই ভূমিকায়।