নারায়ণগঞ্জের পুলিশ আওয়ামী লীগের চাইতে বড় আওয়ামী লীগ: রিজভী

নারায়ণগঞ্জের পুলিশ আওয়ামী লীগের চাইতে বেশি আওয়ামী লীগ হয়ে পড়েছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জে জেলার পুলিশ এত বেশি আওয়ামী লীগ হয়ে পড়েছে যে- শেখ হাসিনা যেটা চান সেই কাজটি আন্তরিকতার সঙ্গে পালন করছেন জেলার এসপি এবং পুলিশ প্রশাসন।

শনিবার নয়াপল্টনে মাওলানা ভাসানী মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সম্মেলন উদ্বোধন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব বলেন। প্রসঙ্গত, নারায়ণগঞ্জে সম্মেলন করার জন্য পুলিশের অনুমতি না পাওয়ায় ঢাকায় দ্বি-বার্ষিক সম্মেলন করেছে জেলা তাঁতি দল। সম্মেলনে ৫ সদস্যের নতুন কমিটিও ঘোষণা করা হয়।

সম্মেলনের উদ্বোধন করে রিজভী বলেন, নারায়ণগঞ্জের বিএনপি, তাঁতি দলসহ কেউ একটু দাঁড়ানোর সুযোগ পর্যন্ত পায় না। আজকে নারায়ণগঞ্জ তাঁতি দলের দ্বি-বার্ষিক সম্মেলন ঢাকায় করতে হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদের উপর পুলিশি নির্যাতনের কথা তুলে ধরে রিজভী বলেন, এই দেশে এখন ক্যাসিনোবাজদের মান-সম্মান আছে, জুয়াড়িদের মান-সম্মান আছে, কিন্তু অধ্যাপক মামুনদের মতো মানুষ যারা সৎ পেশায় থেকে যারা রাজনীতি করে, তাদেরকে পুলিশের কনস্টেবল দিয়ে টানা-হেঁচড়া করানো হয়।

খালেদা জিয়াকে সরকার ‘প্রতিহিংসায় মিথ্যা মামলায়’ সাজা দিয়ে বন্দী করে রেখেছে বলেও দাবি করেন রিজভী।

জেলা তাঁতি দলের মুজিবুর রহমানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, তাঁতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম।

দ্বি-বার্ষিকী সম্মেলনে জেলার নতুন নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সভাপতি হয়েছেন এমএআর শুক্কুর মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ পারভেজ রুবেল। কমিটির অন্যরা হলেন ইসমাইল শিকদার (সিনিয়র সহসভাপতি), শফিকুল ইসলাম (সহসভাপতি) ও হামিদ উল্লাহ মোল্লা (সাংগঠনিক সম্পাদক)।