অস্থিরতা থেকে মুক্তি পেতে মানুষ জাপার দিকে তাকিয়ে : জি এম কাদের

দেশের রাজনীতি ও সমাজে অস্থিরতা চলছে মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, মানুষ সার্বিক অস্থিরতা থেকে মুক্তি পেতে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, সাংগঠনিকভাবে শক্তি অর্জন করতে পারলে দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখবে। দেশের রাজনীতিতে জাতীয় পার্টির সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে এগিয়ে যাবে।

দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পার্টির জন্য ত্যাগ, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং অভিজ্ঞতায় সমৃদ্ধদের জাতীয় পার্টিতে মূল্যায়ন করা হবে।

ময়মনসিংহ বিভাগীয় টিমের আহ্বায়ক এম এ সাত্তারের সভাপতিত্বে সভায় দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন ভূঁইয়া, ধর্মবিষয়ক উপদেষ্টা ক্বারি হাবিবুল্লাহ বেলালী প্রমুখ উপস্থিত ছিলেন।