জেএসসি পরীক্ষা শুরু

দৃষ্টিপ্রতিবন্ধী লিমন ও মঞ্জু শিক্ষক হতে চায়

জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আরিফুজ্জামান লিমন ও মোস্তফা কামাল মঞ্জু। দুজনই প্রতিবন্ধিতাকে জয় করে এগিয়ে যেতে চায় অনেক দূর। গতকাল শনিবার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে তারা। ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন আরিফুজ্জামান ও মোস্তফা কামালের।

গতকাল সকাল সাড়ে নয়টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরকারি আদিতমারী জিএস মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগে তাদের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। আরিফুজ্জামান উপজেলার দুর্গাপুর গ্রামের দিনমজুর আবদুর রাজ্জাকের ছেলে। পিএসসি পরীক্ষায় সে জিপিএ ৪ পেয়েছিল। মোস্তফা কামাল একই উপজেলার দুরাকুটি গ্রামের দিনমজুর লাল মিয়ার ছেলে। পিএসসি পরীক্ষায় সে জিপিএ ৩.৯২ পেয়েছিল। সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সাপ্টিবাড়ীর আওতায় তারা ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করে আসছে। তারা শ্রুতি লেখকের সহায়তায় এবার সাপ্টিবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শেষে তারা জানায়, প্রথম দিনের পরীক্ষায় তারা শতভাগ উত্তর দিতে সক্ষম হয়েছে।

সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সাপ্টিবাড়ীর রিসোর্স শিক্ষক এরশাদ আলী জানান, আরিফুজ্জামান ও মোস্তফা কামাল দুজনই মেধাবী ছাত্র।

সাপ্টিবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. তায়েজ উদ্দিন বলেন, গতকাল থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় নিয়মতি শিক্ষার্থী হিসেবে তার বিদ্যালয় থেকেই ওই দুজন অংশ নিচ্ছে। তারা অত্যন্ত মেধাবী ও বিনয়ী হিসেবে পরিচিত।

সরকারি আদিতমারী জিএস উচ্চবিদ্যালয় মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শওকাত আরা সিদ্দিকা বলেন, নিয়ম অনুযায়ী অন্য শিক্ষার্থীদের চেয়ে ওই দুই শিক্ষার্থী পরীক্ষায় ২০ মিনিট বেশি সময় পেয়েছে।