মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী তাদের প্রশ্রয় দেবেন না। তাই তিনি ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। তাদের দমনে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। গতকাল শনিবার জেলা শহরের পিটিআই শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সমবায় হচ্ছে মুক্তির সোপান। সমবায়ের মাধ্যমে অনেক বড় বড় কাজে সাফল্য পাওয়া যায়। জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।