শাহজালালে যাত্রীর পেটে হাজার ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১১৯০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। গত শুক্রবার সকালে আলমগীর মোল্লা নামে ওই যাত্রীর পাকস্থলীতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আলমগীর মুন্সীগঞ্জের লৌহজংয়ের বাসিন্দা।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন দেশ রূপান্তরকে জানান, শুক্রবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে কক্সবাজার থেকে ঢাকায় আসেন আলমগীর। এ সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী গাড়ি পার্কিং এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। তার সন্দেহজনক গতিবিধির কারণে তাকে চ্যালেঞ্জ করে পুলিশ। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পাকস্থলীতে ইয়াবা রাখার কথা স্বীকার করেন তিনি। পরে বিশেষ কৌশলে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।