প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেটে মাইলফলক ছুঁয়েছেন আব্দুর রাজ্জাক। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল খুলনা ডিভিশনের রবিউল হক ছিলেন তার ৬০০তম শিকার। বিরল কৃতিত্বের পর হাতে বল নিয়ে ড্রেসিংরুমের দিকে উদযাপনের ভঙ্গি করেন তিনি। অভিনন্দন জানাতে এগিয়ে আসেন সতীর্থরা। দর্শকশূন্য স্টেডিয়ামে রচিত হয় ইতিহাস। প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ ধারাবাহিকতায় আবার নায়ক হয়ে উঠলেন আব্দুর রাজ্জাক।
শেরে বাংলা স্টেডিয়ামে চলতি জাতীয় লিগে গতকাল ছিল রংপুরের বিপক্ষে খুলনা বিভাগের ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯৪ উইকেট নিয়ে এই ম্যাচটি খেলতে নামেন রাজ্জাক। প্রথম দিনেই যে তিনি মাইলফলক ছুঁয়ে ফেলবেন তা হয়তো কেউ আন্দাজ করেননি। মেহেদি মারুফকে আউট করে মিশন শুরু করেন রাজ্জাক। এরপর একে এক নাসির হোসেন, আরিফুল হক, ধীমান ঘোষ ও সাজেদুল ইসলামকে আউট করে ৫৯৯ উইকেটে পৌঁছে যান। রবিউলকে আউট করে ছুঁয়ে ফেলেন মাইলফলক। পরে আরও একটি উইকেট নিয়েছেন তিনি। রংপুরের বিপক্ষে গতকাল ৬৯ রানের বিনিময়ে ৭ উইকেট নেন রাজ্জাক। তার ঘূর্ণিতেই প্রথম দিনে মাত্র ২২৪ রানে অল আউট হয় রংপুর। নাসির হোসেন করেন ৪০ রান। রিসাদ হোসেন ৪২ রান করে আউট হন। প্রথম দিন শেষে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৪ রান করে খুলনা বিভাগ। এসব দলীয় হিসাব-নিকাশ অবশ্য তুচ্ছ হয়ে গেছে রাজ্জাকের ব্যক্তিগত অর্জনের কাছে। কেবল ৬০০ উইকেট না বাংলাদেশের হয়ে গত বছর জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনিই প্রথম ৫০০ উইকেট দখল করেছিলেন। এখনো বাংলাদেশের বোলারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট কারও নেই। ৪৭৭ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন এনামুল হক জুনিয়র। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে ১১৩ ম্যাচ লেগেছিল রাজ্জাকের। গতকাল তিনি ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ১৩২তম ম্যাচে। বাংলাদেশি বোলারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে সবচেয়ে বেশি বার ৫ উইকেট ও ১০ উইকেটের রেকর্ডও রাজ্জাকের। গতকালের কৃতিত্বসহ ৩৯ বার প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট নিয়েছেন তিনি। ১০ উইকেট নিয়েছেন ১০ বার।
জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে মাঠে নামে সিলেট বিভাগ। সেই ম্যাচে ভারত সফরের টেস্ট দলে ডাক পাওয়া ইবাদত হোসেন দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬২ রানে গুঁড়িয়ে দিয়েছেন বরিশালকে। মাত্র ৩৬ রানের বিনিময়ে ৫ উইকেট নেন তিনি। দিনের শেষে জবাব দিতে নেমে সিলেট ১ উইকেটে ৮২ রান করে। বরিশালের হয়ে মোহাম্মাদ আশরাফুল মাত্র ২০ রানে আউট হন।
ভারত সফরের টেস্ট দলে ডাক পাওয়াকে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলে উদযাপন করেছেন সাদমান ইসলাম। গতকাল তার সেঞ্চুরি আর আল আমিনের ৮৩ রানের ওপর ভর করে প্রথম দিন শেষে চট্টগ্রামের বিপক্ষে ঢাকা মেট্রো ৪ উইকেটে ৩৫৭ রান তুলেছিল। গতকাল ঢাকা বিভাগের বিপক্ষে জাতীয় লীগের অন্য ম্যাচে মাঠে নেমেছিল রাজশাহী বিভাগ। প্রথমে ব্যাট করে রাজশাহী ২৩০ রানে অল আউট হয়। ঢাকার পক্ষে শুভাগত হোম এবং সুমন নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো : ১ম ইনিংস ৩৫৭/৪ (সাদমান ১৬২*, আল আমিন ৮৩, জাবিদ ৭*; হাসাম ২/৬৫)।
রংপুর : ১ম ইনিংস ২২৪ (রিশাদ ৪২, নাসির ৪০, রাজ্জাক ৭/৬৯)। খুলনা : ১ম ইনিংস ২৪/২ (এনামুল ১৪*, ইমরুল ৬; রবিউল ২/৯)।
বরিশাল : ১ম ইনিংস ১৬২ (নুরুজ্জামান ৪০, আশরাফুল ২০; ইবাদত ৫/৩৬)। সিলেট : ১ম ইনিংস ৮২/১ (ইমতিয়াজ ৪৮; রাফসান ১/৬)।
রাজশাহী : ১ম ইনিংস ২৩০ (নাজমুল ৫৬, মুক্তার আলি ৫৬, সুমন ৩/৪৩, শুভাগত হোম ৩/৫৭)। ঢাকা : ০/০ (১ ওভার)।