তোরিনোকে হারিয়ে শীর্ষে জুভেন্তাস

চলতি সেরি আয় অপরাজিত থাকার ধারা রেখেছে জুভেন্তাস। দ্বিতীয়ার্ধে মাতিয়াস ডি লিটের একমাত্র গোলে তুরিন ডার্বিতে তোরিনোকে হারানোর পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে তারা।

প্রতিপক্ষের মাঠে শনিবার ইতালির শীর্ষ লিগের ম্যাচটিতে ১-০ গোলে জেতায় জুভেন্তাসের পয়েন্ট দাঁড়িয়েছে ১১ ম্যাচে ২৯। আগের ম্যাচে বলোনিয়াকে ২-১ গোলে হারিয়ে লিগের বর্তমান চ্যাম্পিয়নদের টপকে শীর্ষে উঠে এসেছিল ইন্টার মিলান। কিন্তু বেশিক্ষণ শীর্ষস্থান ধরে রাখতে পারেনি তারা। জুভেন্তাসের জয়ের পর পরই নেমে যেতে হয় দ্বিতীয়স্থানে। দলটির পয়েন্ট ২৮।

ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালাকে নিয়ে সেরা আক্রমণভাগ নিয়েই মাঠে নেমেছিল জুভেন্তাস। একের পর এক চেষ্টার পরও গোলের দেখা পাচ্ছিল না তারা। গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

ম্যাচের ৭০তম মিনিটে পার্থক্য গড়েন ডি লিট। মিরালেম পিয়ানিচ কর্নার নিয়েছিলেন দূরের পোস্টেরও অনেক পেছনে। সেখানে হিগুয়াইন ছিলেন ফাঁকায়। আর্জেন্টাইন এই মিডফিল্ডার আলতো টাচে গোলের সামনে বল পাঠান ডি লিটকে। বল পেয়ে ডান পায়ের শটে সফল হন ডি লিট। তার এই গোলেই জয়ের আনন্দে মাতে জুভেন্তাস।