সরকারের উচিত খোকার দেশে ফেরার ব্যবস্থা নেওয়া: ফখরুল

দেশের মাটিতে সমাহিত হতে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছা পূরণে তার দেশে ফেরার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সাদেক হোসেন খোকার জন্য এক দোয়া অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

ক্যান্সার চিকিৎসার জন্য পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। তবে সেখানকার চিকিৎসকরা তার সুস্থ হয়ে ফেরার আশা ছেড়ে দিয়েছেন বলে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা মিল্টন ভূঁইয়া জানিয়েছেন।

দোয়া অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি (সাদেক হোসেন খোকা) বলেছেন যেন, দেশের মাটিতেই যেন তার কবর হয়। আজ সকালেও তার ছেলে ফোন করে বলেছে, তার বাবার এই ইচ্ছাটা পূরণ করতে চায়।’

তিনি বলেন, ‘তিনি (সাদেক হোসেন খোকা) যেন দেশে ফিরতে পারেন, সেই ব্যবস্থা তাদের গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।’

খোকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০১৭ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তার এবং পরিবারের কয়েকজন সদস্যের কোনো পাসপোর্ট সরকার দেয়নি।