কেন্দ্রীয় সরকার রেশন বন্ধ করে দেওয়ায় ভারতের উত্তর ত্রিপুরায় ব্রু ত্রাণশিবিরে অনাহারে দুই বছর বয়সী এক শিশু ও একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গত ৩১ অক্টোবর শিশু চোঙ্গপ্রেঙ্গ (২) এবং বৃদ্ধা মাকোতো রেয়াঙ্গ (৬০) মারা যান বলে রবিবার এক প্রতিবেদনে জানায় এই সময়।
জানা গেছে, বিগত কিছুদিন ধরেই রেশন বন্ধ রয়েছে উত্তর ত্রিপুরার ওই নাইসিংপাড়ার ত্রাণশিবিরে। সেখানকার মানুষজন বেশ কিছু দিন ধরেই কিছুই খেতে পাচ্ছিলেন না।
মিজোরাম ব্রু ডিসপ্লেসড পিপলস ফোরাম (এমবিডিপিএফ) জোর দিয়ে বলেছে, অনাহারেই মৃত্যু হয়েছে ওই শিশু এবং বৃদ্ধার।
এই দুই অমানবিক মৃত্যুর জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দায়ী করে তারা বলেন, কেন্দ্রীয় সরকার রেশন বন্ধ করে দেওয়ায় এভাবে মৃত্যু হয়েছে ওই শিশু এবং বৃদ্ধার।
আসাপাড়া ত্রাণশিবিরের রামজয় রেয়াঙ্গ নামে ৬৫ বছরের আরও এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনাহারে তারও শরীর একেবারে ভেঙে পড়েছে।
জানা গেছে, গত ৩ অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ব্রু পরিবারদের ত্রাণশিবিরের বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়।
ত্রিপুরার প্রশাসনের পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। কিন্তু কর্মকর্তারা এ বিষয় নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।