মায়ের জন্য বিয়ের পাত্র খুঁজে প্রশংসায় ভাসছেন তরুণী

মায়ের জন্য পাত্র খুঁজে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর পোস্ট সাড়া ফেলে দিয়েছে। মায়ের সঙ্গে সেলফি তুলে ক্যাপশনে লিখে দিয়েছেন, মায়ের জন্য কী রকম পাত্র চান তিনি।

ইন্ডিয়া টুডে জানায়, আস্থা ভার্মা নামে ওই তরুণীর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনদের প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন তিনি।

এই বয়সে নিজে যেখানে বিয়ের পিঁড়িতে বসার কথা, সেখানে তিনি সিঙ্গেল মায়ের জন্য পাত্র খুঁজছেন। মায়ের সঙ্গে সেলফি তুলে আস্থা ভার্মা লেখেন, ‘মায়ের জন্য ৫০ বছর বয়সী একজন হ্যান্ডসাম পুরুষ খুঁজছি। তাকে অবশ্যই নিরামিষাশী হতে হবে। মদ্যপান চলবে না এবং প্রতিষ্ঠিত হতে হবে।’

বৃহস্পতিবার মায়ের জন্য পাত্র খুঁজে টুইটারে পোস্ট করেন আস্থা ভার্মা। কয়েকদিনেই পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৩৬ হাজার। প্রায়ই তেরো হাজার মানুষ রিটুইট করেছেন তার পোস্টে।

অনেকেই আস্থার মায়ের জন্য পাত্রও খুঁজে দিয়েছেন, এমনকি ছবিও দিয়েছেন। অনন্ত জৈন নামে ‘একজন তার বাবার ছবি দিয়ে লিখেছেন, ইনি আমার বাবা। আমি তার জন্য মমতাময়ী, সুন্দর এবং দায়িত্ববান সঙ্গী খুঁজছি। যাতে ভালোবাসা ও উষ্ণতায় তিনি বাকি জীবন কাটাতে পারেন।’

ফানি সিং নামে একজন লেখেন, ‘তোমাদের প্রতি শুভকামনা। সত্যিই তিনি অনেক সুন্দর। আমি নিশ্চিত অনেকেই তার প্রেমে পড়ে যাবে।’ 

আরেকজন লিখেছেন, ‘তুমি তোমার মায়ের জন্য যা করছ, সেটি খুবই সুন্দর এবং দারুণ কাজ। আশা করছি তিনি তার ভালোবাসা, আনন্দ ও সুখ খুঁজে পাবেন।’