ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরী মনি। বর্তমানে কাজ করছেন চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব সুন্দরী’ সিনেমায়। এই সিনেমায় তার নায়ক সিয়াম আহমেদ।
এদিকে ফেসবুকে বেশ সরব পরী মনি। মাঝে মাঝেই নিজের আকর্ষণীয় ছবি ফেসবুকে পোস্ট করেন। ভক্তরাও সেসব ছবিতে সরব হয়ে উঠে। লাইক, কমেন্টের বন্যায় ভাসিয়ে দেন ভক্তরা।
এদিকে গতকাল শনিবার রাতে ফেসবুকে পরী মনির পোস্ট করা একটি ছবি রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। চেয়ারে বসে আছেন বোল্ড পরী মনি, হাতে জ্বলন্ত সিগারেট, ধোঁয়া উড়ছে মাথার ওপর দিয়ে। গ্ল্যামারাস লুকে পরীকে বেশ লাস্যময়ী দেখাচ্ছে ছবিতে।
একই ছবি নিজের ফ্যান পেজ ও পারসোনাল পেইজেও প্রকাশ করেছেন। ফ্যান পেজে ছবিটিতে এরই মধ্যে পৌনে ১ লাখের মতো লাইক পড়েছে, ১৬ হাজারের বেশি কমেন্ট। শেয়ার হয়েছে প্রায় হাজার খানেকের বেশি।
এদিকে পরীর পারসোনাল পেইজেও ছবিটির লাইক, কমেন্টের বন্যা বয়ে চলেছে। বেশিরভাগই ইতিবাচক মন্তব্য করেছেন।
অমিতাভ ফারাবি রনো নামের একজন মন্তব্য করেছেন, ‘সাহসী নারী! বেগম রোকেয়ার উত্তরসূরি! রিস্পেক্ট।’
কবি ও সাংবাদিক শিমুল সালাহ্উদ্দিন লিখেছেন, ‘অসামান্য ছবি, যেন পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তীব্র বেঁচে আছে কেউ।’
প্রসঙ্গত, ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় পা রাখেন পরী মনি। এরপর ধূমকেতু, অন্তর্জ্বালা, স্বপ্নজাল-সহ অসংখ্য দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।