বোরহানউদ্দিনের সহিংসতা: ভিডিও দেখে ছাত্রদল নেতার ভাই গ্রেপ্তার

বোরহানউদ্দিনের সহিংসতার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার উপজেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আলম সবুজের ভাই স্বপনকে (২০) রিমান্ডে নিয়েছে পুলিশ।

রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার রাত ১০টার দিকে পৌর এলাকার একটি দোকান থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার সংখ্যা দাঁড়াল চার।

‘ধর্ম অবমাননার’ অভিযোগ এনে ২০ অক্টোবর বোরহানউদ্দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচার দাবিতে ‘তৌহিদী জনতার’ ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হন। পুলিশ বলছে, বিপ্লব চন্দ্র বৈদ্য নামে ওই যুবকের হ্যাক হওয়া ফেইসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার বক্তব্য ছড়ানোর ঘটনা থেকে এ পরিস্থিতির সূত্রপাত।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, পৌর এলাকার ২নং ওয়ার্ডের মৃত জুবায়ের মাস্টারের ছেলে স্বপন পুলিশের ওপর হামলার নেতৃত্বে ছিলেন। ফুটেজ দেখে শনাক্তের পর শনিবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় অজ্ঞাত পাঁচ হাজারজন আসামি।