‘ছোটবেলায় জন্মদিনে অধীর আগ্রহে বসে থাকতাম কখন কেক কাটব’

‘জন্মদিন নানা সময়ে নানা রঙের খোলস পরে হাজির হয়। ছোটবেলার জন্মদিন ছিল অন্যরকম, খুবই রঙিন। এখনকার জন্মদিনও রঙিন-তবে অনুভূতিটা আলাদা। ছোটবেলায় জন্মদিনে অধীর আগ্রহে বসে থাকতাম কখন কেক কাটব। সেই উত্তেজনা বলার মতো নয়।’

নিজের জন্মদিন নিয়ে এভাবেই দেশ রূপান্তরের কাছে কথাগুলো বললেন প্রিয় দর্শিনী নায়িকা মৌসুমী।  জন্মদিন কেমন কাটল জানতে চাইলে মৌসুমী বলেন, ‘সারাদিন সবাইকে নিয়ে ঘোরাঘুরি করলাম। নরসিংদীর একটি রিসোর্টে গিয়েছিলাম। সেখানে সুইমিং পুলে সাঁতারও কেটেছি। ভালোই কাটল দিনটি।’

জন্মদিনে সারাদিনই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মৌসুমী। দিন শেষে তিনি বললেন, ‘প্রচুর শুভেচ্ছা পাচ্ছি। মানুষের ফোন পেতে ভালোই লাগে। ভক্তদের ভালোবাসার মূল্য দেওয়া আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয়, তবে হৃদয়ের ভেতর থেকে তাদের জন্যও আমার ভালোবাসা রইল।’

মৌসুমী আরও জানান, জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটেন স্বামী ওমরসানী, পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠজনেরা। পরিবারের লোকজন ছাড়াও  প্রথম প্রহরে কেক কেটে দিনটি উদ্‌যাপন করেন মৌসুমী-ওমরসানী ফ্যান ক্লাবের সদস্যরা।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন আরিফা জামান মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মা  শামীমা আখতার জামান। ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’-এ জয়ী হয়ে ১৯৯০ সালে শোবিজে পা রাখেন তিনি। বিজ্ঞাপনে পরিচিত পাওয়ার পর সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখেন মৌসুমী। অমর নায়ক সালমান শাহর বিপরীতে অভিনীত ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে। এরপর তাকে পিছু হটতে হয়নি। এখনো চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন।