বস্তিতে বসবাসরত অনগ্রসর শিশুদের উন্নত শিক্ষালাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ কোনো প্রকল্প গ্রহণ করা যায় কিনা তা পর্যালোচনা করার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রবিবার সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়।
এছাড়া সভায় ২০১৮-১৯ অর্থবছরে বৈদেশিক সাহায্যপ্রাপ্ত প্রকল্পসমূহের আর্থিক খরচ সম্পর্কে আলোচনা করা হয়।
সভার শুরুতে জেলহত্যা দিবস উপলক্ষে ১৯৭৫ সালের ৩ নভেম্বর শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সভায়, বিভাগওয়ারি প্রকল্পসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। সভায় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন পর্যালোচনা করে স্থায়ী কমিটিতে উপস্থাপনের লক্ষ্যে ৫ সদস্যের সাব-কমিটি গঠনের সুপারিশ করা হয়।
কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে হাফিজ আহমদ মজুমদার, মনজুর হোসেন, রওশন আরা মান্নান এবং আদিবা আনজুম মিতা’র সমন্বয়ে এ সাব-কমিটি গঠনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, রওশন আরা মান্নান এবং আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন।
পরিকল্পনা বিভাগের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।