পাকিস্তানেও ক্রিকেটারদের আন্দোলন

সম্প্রতি বিসিবি’র কাছে বাংলাদেশ ক্রিকেটাররা ১৩ দফা দাবি তুলেছিলেন। এর মধ্যে একটি ছিল বিদেশি লিগে খেলার বাধ্যবাধকতা তুলে দিতে হবে। বাংলাদেশ ক্রিকেটারদের এমন আন্দোলন দেখেই কিনা পাকিস্তান ক্রিকেটাররাও শুরু করেন আন্দোলন। দাবি জানান বিদেশি লিগে খেলার বাধ্যবাধকতা তুলে নেওয়ার। তবে সেই আন্দোলনকে থামিয়েছেন পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান।

বিদেশি লিগে ডাক পেলেও সব জায়গায় খেলার সুযোগ পান না পাকিস্তান ক্রিকেটাররা। এ নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে ক্ষোভ জমছিল। সেই ক্ষোভ এগোচ্ছিল আন্দোলনে রূপ নেওয়ার পথে। বিদেশি লিগে খেলার দাবিকে গত সপ্তাহে ইমাদ ওয়াসিম, শোয়েব মালিক ও মোহাম্মদ আমির আন্দোলন বা ধর্মঘটে রূপ নিতে যাচ্ছিলেন। বাংলাদেশের মতো পাকিস্তান ক্রিকেটাররাও নিজেদের অস্ট্রেলিয়া সিরিজের আগে একটি ধর্মঘট করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। বাস্তবে রূপ নিলে সেটি হয়ে যেত পাকিস্তান ক্রিকেট ইতিহাসে গত ৪০ বছরে সবচেয়ে বড় ক্রিকেট আন্দোলন। কিন্তু পিসিবি ব্যাপারটি জেনে যাওয়ায় দক্ষতার সঙ্গেই সামলে নিয়েছে।

ঘটনার সূত্রপাত আবুধাবিতে হতে যাওয়া টি১০ লিগ নিয়ে। এই টুর্নামেন্টে অনেক পাকিস্তানি ক্রিকেটারের নাম আছে। কিন্তু বোর্ডের কাছ থেকে এনওসি নিতে বেগ পেতে হচ্ছিল পাকিস্তান ক্রিকেটারদের। এতেই বিপত্তি। তবে পরিস্থিতি বাজে হওয়ার আগেই ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসে পিসিবি। আলোচনায় শুধু এনওসি-ই নয়। অনেক বিষয়েই বোর্ড ও ক্রিকেটারদের মতৈক্য দেখা দেয়।  ইন্টারনেট।