নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামাঙ্কিত ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৯’ ঘোষণা করা হয়েছে। কথাশিল্পী রাবেয়া খাতুন এবং নবীন সাহিত্য শ্রেণিতে ‘নিঃসঙ্গ নক্ষত্র’ উপন্যাসের জন্য সাদাত হোসাইন এ বছর পুরস্কার পাচ্ছেন।
গতকাল রবিবার বিকেলে জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করেন বিচারকম-লীর সদস্য অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলামসহ অনেকে। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আগামী ১২ নভেম্বর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।
পুরস্কার হিসেবে তারা পাবেন সম্মাননা স্মারক ক্রেস্ট, উত্তরীয়, সার্টিফিকেট এবং যথাক্রমে পাঁচ লাখ ও এক লাখ টাকা। মাজহারুল ইসলাম বলেন, ‘২০১৫ সালে প্রবর্তিত হয় ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’। প্রতিবছর দেশের প্রবীণ এবং নবীনÑ এ দুই শ্রেণির কথা-সাহিত্যিকদের অনুপ্রাণিত করতে এ পুরস্কার দেওয়া হয়। এর আগে শওকত আলী ও সাদিয়া মাহ্জাবীন ইমাম, হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান, জ্যোতিপ্রকাশ দত্ত ও মোজফফ্র হোসেন, রিজিয়া রহমান ও ফাতিমা রুমি এই পুরস্কার পেয়েছেন।