পৃথিবী জুড়ে মানুষ হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর ভক্ত আর তিনি ১৬ বছর বয়সী এক কিশোরীর ভক্ত।
তার সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামেও পোস্ট দিয়েছেন ডিক্যাপ্রিও। ক্যাপশনে লিখে দিয়েছেন, এই সময়ে বিশ্বের একজন নেতা।
সেই কিশোরী হচ্ছে গ্রেটা থানবার্গ। বিশ্বে সাড়া ফেলে দেওয়া জলবায়ু আন্দোলন কর্মী। এখনো কৈশোর না পেরোলে কী হবে, যখন কোনো হল কিংবা সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেন তখন উপস্থিত সবার চেয়ে পরিপক্ব হয়ে ওঠে তার হৃদয়।
জলবায়ু ইস্যুতে তার শক্তিশালী উচ্চারণ আলোড়ন তুলেছে সারা বিশ্বে। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ২৫ জন কিশোর-কিশোরীকে নিয়ে টাইম ম্যাগাজিনের তালিকায় জায়গা করে নেন তিনি। সেপ্টেম্বরে নিউইয়র্কে জলবায়ু সম্মেলনে তার বক্তব্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।
গ্রেটার খ্যাতি এখন তুঙ্গে। কে তার ভক্ত নয়। সেই তালিকায় আছেন ডিক্যাপ্রিওর মতো নামকরা হলিউড তারকাও। ইনস্টাগ্রামে গ্রেটার সঙ্গে ছবি দিয়েছেন তিনি। হাস্যোজ্জ্বল সেই ছবিতে জুড়ে দিয়েছেন জলবায়ুকন্যা নিয়ে প্রশংসাবাক্যও।
হলিউড নায়কের বক্তব্য, ‘মানব ইতিহাসে এমন কিছু গুরুত্বপূর্ণ সময় রয়েছে যেখানে পরিবর্তনের কণ্ঠস্বর চড়া হয়ে উঠে। গ্রেটা থানবার্গ তেমনি এক কণ্ঠস্বর। তিনি আমাদের সময়ের নেতা।’
এতে ডিক্যাপ্রিও যোগ করেন, ‘একদিন ইতিহাস আমাদের বিচার করবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে কী করছে এই বিশ্ব।’
পরিবেশ আন্দোলন, প্রাণী রক্ষা, হুমকির মুখে থাকা বাস্তুতন্ত্র ও জীবন পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে ডিক্যাপ্রিওর সংস্থা লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন।
পরিবেশবাদী এই হলিউড তারকা বলেন, ‘আমি আশা করি গ্রেটার বার্তা বিশ্বনেতাদের ঘুম ভাঙাবে।’