জাপান, মিয়ানমার, বাংলাদেশ ত্রিদেশীয় লিডারশিপ প্রোগ্রামে প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া বেগম ইমা ।
সোমবার বিকেলে উপাচার্যের কার্যালয়ে নাদিয়া বেগম ইমাকে প্রোগ্রামে অংশগ্রহণের মনোনয়নপত্র প্রদান করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, প্রথমবারের মতো আমাদের বিশ্ববিদ্যালয়কে লিডারশিপ প্রোগ্রামে প্রতিনিধিত্ব করছে নাদিয়া। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশকে ছড়িয়ে দিতে এ প্রোগ্রাম বিশেষ ভাবে ভূমিকা রাখবে। আশা রাখব আগামীতে এই ধারা অব্যাহত থাকবে ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেন্টার অব একসিলেন্স এর পরিচালক অধ্যাপক ড. আকতারুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ফ ম জাকারিয়া ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম ।
ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ল্যাম্প লিডারশিপ প্রোগ্রামে মূলত তিন দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। তিন দেশের প্রতিটি দেশ থেকে ৫ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকে এই প্রোগ্রামে। বিভিন্ন ভাইবা, কুইজ, পরীক্ষা অংশগ্রহণ করার পর জাপান কৃর্তপক্ষ স্কাইপির মাধ্যমে মূল বাইবা নিয়ে বাংলাদেশের ৪টি বিশ্ববিদ্যালয় থেকে ৫ জনকে নির্বাচিত করেছে । এবার বাংলাদেশ থেকে শাবিপ্রবি, বুয়েট, যবিপ্রবি থেকে ১ জন ও ঢাবি থেকে ২ জনসহ মোট পাঁচ জন শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, জাপান সরকারের অর্থায়নে লিডারশিপের ওপর দশদিন করে (জাপান, মিয়ানমার, বাংলাদেশ) মোট ৩০ দিন নির্বাচিত শিক্ষার্থীদের ট্রেনিং দেওয়া হবে। এছাড়া সেমিনার, ফিল্ডওয়ার্ক, ওয়ার্কশপ, প্রেজেন্টেশনসহ নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন স্থান ঘুরানো হবে।