চিপসের প্যাকেটে খেলনা নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

বিপজ্জনক পরিস্থিতি এড়াতে যেসব চিপসের প্যাকেটে শিশুদের জন্য খেলনা থাকে, সেগুলো বাজার থেকে প্রত্যাহার এবং চিপসের প্যাকেটে খেলনা নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান।

মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ছোট বাচ্চারা যখন চিপস খায় তখন অবচেতন মনে ওই খেলনা তাদের গলায় এমনকি পেটে ঢুকে যেতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক। প্রতিবেশী দেশ ভারতে এ ধরনের ঘটনায় দুটি শিশু মারা গেছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। আমাদের দেশেও এ ধরনের ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তাছাড়া এ সব খেলনা শিশুদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। বিপজ্জনক পরিস্থিতি এড়াতে এ ধরনের চিপসের প্যাকেটে খেলনা নিষিদ্ধ চেয়ে এই আবেদনটি করা হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত বাজারে থাকা বেশ কিছু কোম্পানির চিপসে এ ধরনের খেলনা পাওয়া গেছে। চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান এম এম ইস্পাহানি লিমিটেড, ইনগ্রিন লিমিটেডের চেয়ারম্যানসহ ছয়জনকে রিটে বিবাদী করা হয়েছে।   

আইনজীবী জানান, রিট আবেদনে চিপসের প্যাকেটে শিশু খেলনা না দিতে শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে কেন নির্দেশ দেওয়া হবে না- এ মর্মে রুলে আর্জি জানানো হয়েছে। পাশাপাশি শিশু খেলনাযুক্ত যেসব চিপস বর্তমানে বাজারে রয়েছে তা দ্রুত প্রত্যাহার চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে কার্যতালিকায় আসলে এ বিষয়ে শুনানি হবে।