ভারতের এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বে না : জি এম কাদের

ভারতের আসামের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি বলেন, ‘আসামের এনআরসি বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে, এর কোনো বিরূপ প্রভাব বাংলাদেশে পড়বে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীও বারবার বলেছেন এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বে না। আমরা লক্ষ্য করছি, এরআরসির কোনো প্রভাব এখনো বাংলাদেশে পড়েনি। আমরা আস্থাশীল এনআরসির প্রভাব বাংলাদেশে পড়বে না।’

সোমবার রাজধানীর শান্তিনগরের হোয়াইট হাউজ হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন। সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলে বাংলাদেশ অনেক বেশি লাভবান হবে। ভারতের অনেকগুলো রাজ্যের সঙ্গে বাংলাদেশের মানুষের ঐতিহ্যগতভাবেই সাংস্কৃতিক ও ভাষাগত মিল রয়েছে। অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়তার বন্ধন রয়েছে বন্ধুপ্রতিম দুটি দেশের মানুষের মাঝে। বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় সীমান্তবর্তী সন্ত্রাস নির্মূল হয়েছে।’

সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস। আরও উপস্থিত ছিলেন আশীষ কুমার সাহা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়সহ সোসাইটির নেতারা।