যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮ সালের ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং ২০১৯ সালের ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিশ^বিদ্যালয়ের ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. আনোয়ার হোসেন। গতকাল সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে আইনজীবীর মাধ্যমে ভিসি, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা চান।
আদালত এ বিষয়ে আগামী ২০ নভেম্বর পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করে। হাইকোর্ট এ সময় বলেÑ ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
আদালতে রিটকারী যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা আনোয়ার হোসেন বিপুলের আইনজীবী এম কে রহমান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন। যবিপ্রবির ভিসি ও অন্যদের পক্ষে ছিলেন আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ।
ক্ষমা প্রার্থনাপূর্বক লিখিত ব্যাখ্যায় ভিসি আনোয়ার হোসেন জানান, ২০১৮ সালের ওই ঘটনার জন্য সংশ্লিষ্ট মুদ্রণকারী প্রতিষ্ঠান লিখিতভাবে ক্ষমা চেয়েছে এবং তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।
আর ক্যালেন্ডার মুদ্রণে কমিটির যারা ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গত ১৫ অক্টোবর দাখিল করা হয়। ঘটনার সত্যতা মিলেছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এজন্য বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা দায় এড়াতে পারে না।