‘নোংরামির’ কারণে নির্বাচনে দাঁড়াচ্ছেন না ব্রিটিশ নারী এমপিরা

‘নোংরামি, ‘কটূক্তিমূলক আচরণ’ এবং ‘অমানবিক নিপীড়নের’ অভিযোগ তুলে ব্রিটেনের অনেক নারী এমপি এবার নির্বাচনে আসছেন না। বিবিসির কাছে এসব অভিযোগ তুলে ধরেছেন ওই রাজনীতিবিদরা।

২০১৭ সালে ব্রিটেনে রেকর্ড সংখ্যক নারী রাজনীতিবিদ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। অথচ মাত্র দুই বছর পরে তাদের অনেকেই এখন নির্বাচনে অংশ নিতে চাইছেন না।

আসন্ন ১২ ডিসেম্বর ব্রিটেনের পরবর্তী সাধারণ নির্বাচনকে সামনে রেখে ৫৭ জন এমপি ঘোষণা দিয়েছেন তারা এবারের নির্বাচনে দাঁড়াবেন না। তাদের মধ্যে ১৮ জনই নারী।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে ৬৫০ জন এমপির মধ্যে ৩২% বা ২১১ জন নারী-যা সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি।

অ্যামনেস্টি ইউকের হিসাব অনুযায়ী, ব্রিটেনে সর্বশেষ নির্বাচনের সময় নারী এমপিরা ২৫ হাজারেরও বেশি আপত্তিকর টুইট পেয়েছিলেন।

তাদের মধ্যে অর্ধেকেরও বেশি এসেছে লেবার পার্টির ডায়ান অ্যাবোটকে লক্ষ্য করে। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

পার্লামেন্টে নারীদের ইতিহাস নিয়ে লেখালেখি করেছেন লেবার এমপি রেচেল রিভস। তার মতে গালাগালি, মৃত্যু এবং ধর্ষণের হুমকি নারী এমপিদের জন্য নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা এখন সীমা অতিক্রম করেছে।