কার্তিক আরিয়ানের জীবনে দুই নারী স্ত্রী ভূমি পেডনেকর ও প্রেমিকা অনন্যা পাণ্ডে। তাদের নিয়ে নায়কের ঝামেলাও হাজার।
স্ত্রী তার কাছে নির্ভরতা প্রতীক, প্রেমিকা হলেন খোলা জানালা দিয়ে আসা দখিন হাওয়া। কাউকে পারছেন না সামলাতে। চান না হারাতেও। এমন গোলক ধাঁধা দেখা গেল ‘পতি পত্নী আউর ওহ’ ট্রেলারে।
২ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওতে আছে মসলাদার রোমান্টিক ও কমেডির মিশ্রণ।
মুদাসর আজিজের এই ছবিতে কার্তিক, ভূমি ও অনন্যা নিজেদের অভিনয় দক্ষতা মেলে ধরেছেন। কার্তিকের সঙ্গে হিউমারে সংগত দিয়েছেন অপারশক্তি খুরানা। ট্রেলার থেকে বোঝা যায় ছবিতে আছে রসে জড়ানো বুদ্ধিদীপ্ত সংলাপ ও গ্ল্যামারের ঝলকানি।
আরও আছে গোবিন্দ ও রাভিনা ট্যান্ডন অভিনীত ‘দুলহে রাজা’র সুপারহিট গান ‘আঁখিও সে গোলি মারে’র রিমিক্স। এতে তিন অভিনেতার নাচ মন কাড়ে। একই গানে বছরখানেক আগে ‘সিম্বা’ সিনেমায় নাচতে দেখা যায় রণবীর সিং ও সারা আলী খানকে।
১৯৭৮ সালে সঞ্জীবকুমার, বিদ্যা সিনহা ও রঞ্জিতা কাউরকে নিয়ে নির্মিত হয় ‘পতি পত্মী আউর ওহ’ নামের ছবি। যার আনুষ্ঠানিক রিমেক নতুনটি।
‘পতি পত্নী আউর ওহ’ মুক্তি পাচ্ছে ৬ ডিসেম্বর।