খোকার মরদেহ শহীদ মিনারে রাখা হবে বৃহস্পতিবার ১২টায়

বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

ওই দিন বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশে সাদেক হোসেন খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মরহুমের মরদেহ সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

বাদ যোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বিকেল ৩টায় অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়রের মরদেহ এই ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশনে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে মরদেহ তার নিজ বাসভবনে নেওয়া হবে।

বাদ আছর মরদেহ নিজ বাসভবন থেকে ধূপখোলা মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে জুরাইন কবরস্থানে মা-বাবার পাশে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।

এদিকে সাদেক হোসেন খোকার মৃত্যুতে বুধবার বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী শোক দিবস পালন করা হবে। ঢাকাসহ সারাদেশে বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন। এছাড়া কোরআনখানির আয়োজন করা হবে।

স্থানীয় সময় রবিবার রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিট) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের বিশেষায়িত হাসপাতাল মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে মারা যান চিকিৎসাধীন সাদেক হোসেন খোকা (৬৭)।