ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য মহারাষ্ট্রের কৃষকেরা ঋণের বোঝায় আত্মহত্যার মতো নির্মম পথ বেছে নিচ্ছেন। গত এক দশকে সেখানে ৩০ হাজার কৃষক নিজের জীবন বিসর্জন দিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী কৃষক রয়েছেন।
কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরায় এ বিষয়ে একটি প্রতিবেদন লিখেছেন ভারতীয় সাংবাদিক কুনাল পুরোহিত। সেখানে ফুটে উঠেছে কৃষকদের দুর্দশার কথা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত শুধু অমরাবতি জেলায় ২২ জন নারী কৃষক আত্মহত্যা করেছেন!
মানবাধিকার কর্মীরা বলছেন, বাস্তব চিত্র আরও ভয়াবহ। সরকার থেকে এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় না।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, গত জুলাই মাসে বিজেপি শাসিত এই রাজ্যে ২১৯ জন কৃষক আত্মহত্যা করেন। অর্থাৎ ওই মাসে রাজ্যটিতে প্রতিদিন গড়ে ৭ জন করে কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে!
সেখানকার কৃষকদের স্বস্তি দিতে দুই বছর আগে কৃষিঋণ মওকুফের কথা ঘোষণা করে মহারাষ্ট্র সরকার। ভারতের এই রাজ্যে ‘সব থেকে বেশি’ কৃষকদের ছাড় দেয়া হয়েছে বলে সে সময় ঢাকঢোল পিটিয়ে দাবি করেছিল দেবেন্দ্র ফড়নবিশ সরকার। কিন্তু তার পরেও পরিস্থিতির যে উন্নতি হয়নি, তা এসব পরিসংখ্যান থেকে স্পষ্ট।