আমরা দিল্লি ম্যাচ ভুলে গেছি: চাহাল

বাংলাদেশের বিপক্ষে দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে স্বাগতিক ভারত। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১-০ তে এগিয়ে। বৃহস্পতিবার রাজকোটে যখন দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল, তখন এগিয়ে থাকবে বাংলাদেশই।

তবে ভারতে নিজেদের পিছিয়ে রাখতে রাজি নয়। লেগব্রেক বোলার যুজবেন্দ্র চাহাল তো বলে গেলেন দিল্লি ম্যাচ ভুলে গেছেন তারা। এখন সিরিজে ফেরাটাই তাদের মূল লক্ষ্য। আর সে ক্ষেত্রে নিজেদের ওপর তাদের আস্থার কমতি নেই কোনো।

বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হবে দুই দলের দ্বিতীয় ম্যাচটি। তার আগে মঙ্গলবার প্রথম দিনের মতো ম্যাচ ভেন্যুতে মতো অনুশীলন সেরেছে দুই দল। আগের দিনই দিল্লি থেকে রাজকোটে এসেছে বাংলাদেশ ও ভারত দল।

ভারতে উড়াল দেওয়ার আগে অনেক অস্বস্তি ছিল টাইগার শিবিরে। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা ছিল। ছিল আলো নানা সমস্যা, সংকট। তবে দিল্লিতে প্রথম ম্যাচ জেতায় বাংলাদেশ দল এখন অনেকটাই নির্ভার। আর সিরিজে পিছিয়ে পড়ায় স্বাভাবিকভাবেই চাপ জেঁকে বসার কথা ভারতের উপর।

কিন্তু চাহাল বলছেন ইতিবাচক থাকার কথা, ‘এমন নয় এর আগে কখনো কোনো সিরিজের প্রথম ম্যাচে হারিনি, পরে সেই সিরিজ জেতেনি। আমরা ইতিবাচক আছি। আগের ম্যাচ আমরা ভুলে গেছি।’

চাহালের দাবি এখন নতুন শুরুর দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া, ‘আপনি যদি পরের ম্যাচ নিয়ে ভাবেন কিছু ইতিবাচক ব্যাপার (আগের ম্যাচ থেকে) হয়তো আসবে। নেতিবাচক ব্যাপারই বেশি আসবে। এখানে যখন এসেছি তখনই পেছনের ব্যাপার ভুলে গেছি। এখানে নতুন শুরুর দিকে তাকিয়ে আছি। স্কোয়াডের সব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট জয়ের দিকে তাকিয়ে আছে। আশা করি আমরা জিততে পারব।’

বর্তমান বাংলাদেশ দল অনেকটা তারুণ্য নির্ভর। নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান নেই। পারিবারিক কারণে নেই তামিম ইকবাল। সাইফউদ্দিনও ইনজুরিতে। সেই বাংলাদেশ দলটাই ভারতের প্রথম ম্যাচেই তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।

এই বাংলাদেশ দল নিয়ে চাহালের পর্যবেক্ষণটা এমন- ‘সবশেষ নিদাহাস ট্রফিতে আমি বাংলাদেশের বিপক্ষে খেলেছি। সেটা ছিল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ওরা ফাইনালে খেলেছিল। দুইটা দল একইরকম। স্রেফ দুজন গুরুত্বপূর্ণ সদস্য এখানে নেই। ১৫ জনের দলে যারাই আছে তাদের জন্য নতুন যারা এসেছে তাদেরও আত্মবিশ্বাসী দেখাচ্ছে। কেউ প্রথম বা দ্বিতীয় ম্যাচ খেলেছে। তারপরও ওরা আত্মবিশ্বাসী দলের মতো খেলেছে।’