আইনজীবীদের হাতে মার খেয়ে রাজপথে দিল্লির পুলিশ

আইনজীবীদের হাতে মার খেয়ে রাজপথে বিক্ষোভে নেমেছে দিল্লির পুলিশ। মঙ্গলবার সকালে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে নামেন পুলিশ সদস্যরা।

আনন্দবাজার জানায়, পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক তাদের কাছে এসে প্রতিশ্রুতি দেন, ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেখান থেকে এই বিক্ষোভ দিল্লি গেইট পর্যন্ত ছড়িয়ে পড়েছে।   

জানা যায়, ২ নভেম্বর দিল্লির তিসহাজারি আদালতের পার্কিং এলাকায় এক আইনজীবীর গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আদালত এবং পার্শ্ববর্তী এলাকায় এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন পুলিশকর্মী আহত হন।

পুলিশের অভিযোগ, উত্তেজিত আইনজীবীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। তবে আইনজীবীদের পাল্টা অভিযোগ, কয়েকজন পুলিশ কর্মী এক আইনজীবীর দিকে গুলি চালায় এবং গাড়িতে তুলে তাকে ব্যাপক মারধরও করে।

এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নামে পুলিশ সদস্যরা। আইনজীবীদের হাতে পুলিশের মার খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন তারা।

‘আমরা দুঃখিত। আমরা পুলিশ। আমাদের কোনো অস্তিত্ব নেই। আমাদের পরিবার নেই। আমাদের কোনো মানবিক অধিকারও নেই'- লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করে পুলিশকর্মীরা।