খোকার মৃত্যু সংবাদ চেয়ারপারসনকে পৌঁছে দিয়েছি: মির্জা ফখরুল

খোকার মৃত্যুতে কারাবন্দী থাকায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানাতে না পারা অত্যন্ত দুঃখের ও কষ্টের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তার (খালেদা জিয়া) কাছে আমরা সাদেক হোসেন খোকার মৃত্যুর সংবাদ পৌঁছে দিয়েছি, কিন্তু এই সংবাদ শোনার পর ওনার যে প্রতিক্রিয়া, ওনার যে অনুভূতি, সেটা উনি দিতে পারছেন না। কারণ উনি মিথ্যা মামলায় কারাগারে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। যার নেতৃত্বে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছেন, লড়াই-সংগ্রাম করেছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া খোকার মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে পারছেন না, তার কষ্ট, অনুভূতিগুলো বলতে পারছেন না।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাসভবনে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পৌঁছার পর শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর সাদেক হোসেন খোকার ভাই আনোয়ার হোসেন উজ্জ্বলের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবীব ঊন নবী খান সোহেল, মহানগর দক্ষিণের নেতা নবী উল্লাহ নবীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।