ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে ফের মেনন-বাদশা

আবারও ওয়ার্কার্স পার্টির সভাপতি হিসেবে রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক পদে ফজলে হোসেন বাদশা নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার দলটির দশম কংগ্রেসে আগামী পাঁচ বছরের জন্য নেতৃত্ব নির্বাচিত করেন কংগ্রেস সদস্যরা। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে কংগ্রেস অনুষ্ঠিত হয়। কংগ্রেস শেষে সংবাদ সম্মেলন করেন পার্টির সাধারণ সম্পাদক বাদশা।

তিনি বলেন, গত কংগ্রেসে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি ৭৫ সদস্যবিশিষ্ট হলেও এবার আরও ছয়জন যুক্ত করে ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের পলিটব্যুরোর কমিটিতে নতুন পাঁচজন যুক্ত হয়েছেন। তারা হলেনÑ জ্যোতি সরকার, নজরুল ইসলাম হাক্কানী, আলী আহমেদ এনামুল হক, নজরুল হক নিলু ও হাজি বশির উল্লাহ। এছাড়া দশম কংগ্রেস বর্জনের ঘোষণা দেওয়া পলিটব্যুরোর সদস্যসহ কেন্দ্রীয় কমিটির ছয় সদস্যের সদস্য পদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা যদি পুনরায় পার্টিতে ফিরতে চান তবে পার্টির সাংগঠনিক নিয়ম অনুযায়ী পারবেন।