জাবি উত্তাল, সকাল ৯টায় বিক্ষোভ ১০টায় সংহতি সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নতুন এ কর্মসূচি ঘোষণা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যান তারা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা আজ সকাল ৯টায় মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন। এরপর সকাল ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে করবেন সংহতি সমাবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার দুপুরে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশও দেয় প্রশাসন। পরে ক্যাম্পাস ছাড়ার সময় এক ঘণ্টা বাড়ানো হয়। তবে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্য ফারজানার অপসারণের এক দফা দাবি আদায়ে অনড় থাকেন। এক পর্যায়ে রাত পৌনে ১০টার দিকে ছাত্রীরাও হলের তালা ভেঙে বাইরে বেরিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।  

অভিযোগ রয়েছে, উপাচার্যের অপসারণ দাবিতে তার বাসার সামনে অবস্থান নেওয়া শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ওই হামলায় চালানো হয় বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে। এ হামলার ঘটনাকে গণঅভু¨ত্থান হিসেবে আখ্যায়িত করেছেন উপাচার্য। ছাত্রলীগের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অধ্যাপক ফারজানা ইসলাম।