পাওয়ার প্লে’র নাম শুনে থাকলেও, নিশ্চিত, আপনি ‘পাওয়ার প্লেয়ারের’ সঙ্গে একদম পরিচিত নন। অথচ সব ঠিক থাকলে আগামী আইপিএল-এ পাওয়ার প্লেয়ারের খেলা দেখবে ক্রিকেট দর্শকরা। হ্যাঁ এমন একটা নতুন ধারণা আমদানি করা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গেছে ম্যাচের আগে এখন যেমন এগারো জনের দল ঘোষণা করা হয়, সেটাই বদলে করা হবে ১৫ জনের দল। মানে আইপিএলে বেস্ট ইলেভেন না ঘোষণা করে করা হবে বেস্ট ফিফটিন। আর যে কোনো সময়ে উইকেট পড়লে বা ওভারের শেষে এক জনের বিকল্প হিসেবে সেই পনেরো জনের মধ্য থেকে বাইরে থাকা কোনো এক ক্রিকেটারকে নামিয়ে দেওয়া যাবে। কী নতুন সিদ্ধান্ত মনে হচ্ছে না? যদিও ব্যাপারটা এখনো নিশ্চিত হয়নি। সাংবাদিকদের ভারতীয় বোর্ডের এক কর্তা বলেছেন, ‘আমরা এমন একটি পরিস্থিতির কথা বলছি, যেখানে কোনো দল চূড়ান্ত এগারো ক্রিকেটারের নাম ঘোষণা করবে না। তার বদলে ১৫ জনকে বেছে রাখবে। এই নিয়মটা চালু হলে সেটা একটা দারুণ সিদ্ধান্ত হবে।’ প্রাথমিকভাবে এই প্রস্তাব নাকি অনুমোদিত হয়েছে। এখন আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হলেও কেল্লা ফতে।