জমিদারদের কবরস্থানে দাফন করায় তুলে ফেলা হলো এক নারীর মৃতদেহ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এমন ঘটনা ঘটেছে।
জিও টিভি অনলাইন জানায়, পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলায় শেখ হাসান কবরস্থান থেকে তুলে ফেলা হয় এক নারীর লাশ। সেই সঙ্গে ওই মৃত নারীর আত্মীয়-স্বজনদেরও হামলা চালিয়েছে জমিদারের লোকেরা।
ভুক্তভোগীদের অভিযোগ, কবরস্থানে বরাদ্দকৃত জায়গাতেই ওই নারীকে কবর দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় জমিদাররা কবরস্থানটিকে জোরপূর্বক নিজেদের পরিবারের জন্য দখল করে নেয়।
ওই নারী জমিদারের পরিবারের সদস্য না হওয়ায় কবরস্থান থেকে তার মৃতদেহ তুলে ফেলা হয়।
জেলা পুলিশ কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করেছেন তারা। স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই কবরস্থানের মালিকানা নিয়ে নিয়েছিল ওই জমিদার।
তবে ওই নারীকে সেই কবরস্থানে আবার কবর দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে আহত স্বজনদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ১৫ জনদের মধ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।