সপ্তাহে চারদিন কর্মদিবস চালু করে দারুণ সুফল পেয়েছে নিউজিল্যান্ডের একটি এস্টেট প্ল্যানিং কোম্পানি। আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির উৎপাদন ও কার্যক্রম।
ডেইলি সাবাহ জানায়, পারপেচুয়াল গার্ডিয়ান নামে কোম্পানিটি ২০১৮ সালে একটি পরীক্ষামূলক কার্যক্রম চালু করে। সেটি সফল হওয়ায় এই বছর স্থায়ীভাবে সপ্তাহে চারদিনের এই কর্মদিবস চালু করে তারা।
সপ্তাহে তিনদিন ছুটি দিয়ে ২৪০ জন কর্মীকে বলে দেওয়া হয় নিয়মিত উৎপাদন ধরে রাখতে। স্বেচ্ছায় তারা এমন কর্মদিবস বেছে নিতে পারে। এতে বেতন থাকবে পূর্বের মতোই।
কোম্পানিটি জানাচ্ছেন, প্রায় চার-পঞ্চমাংশ কর্মী নতুন এই কর্মদিবস নীতি গ্রহণ করেছে।
পারপেচুয়াল গার্ডিয়ানের প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু বার্ন বলেন, ‘একজন ব্যবসায়ী হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি চাই, একটি সুন্দর জীবন কাটাক মানুষ।’
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানে প্রতি চারজনের মধ্যে একজন কর্মী যদি মানসিক চাপে থাকেন বা মানসিক সমস্যায় ভোগেন তাহলে বিষয়টি ব্যবসার জন্য উৎপাদনশীল নয়।’
এদিকে একই ধরনের কর্মদিবস চালু করে শিরোনাম হয়েছে জাপানের মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির কর্মীরা সাধারণ সময়ের থেকে ৪০ শতাংশ বেশি কাজ ‘উপহার’ দিয়েছেন।
গত কয়েক দিন ধরে চার কর্মদিবসের বিষয়টি নিয়ে পৃথিবীজুড়ে আলোচনা চলছে। ঠিক সেই সময়ে বিবৃতির মাধ্যমে নিজেদের সাফল্যের কথা জানাল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই গ্রীষ্মে জাপানে তারা ‘ওয়ার্ক লাইফ চয়েজ চ্যালেঞ্জ’ স্লোগান নিয়ে প্রোগ্রামটি চালু করে। আগস্টের প্রতি শুক্রবার অফিস থেকেছে বন্ধ, সঙ্গে দেওয়া হয়েছে অতিরিক্ত ছুটি।
মাইক্রোসফটের বিবৃতি থেকে জানা গেছে, গত বছর এই সময়ে তাদের ‘বিক্রি’ যা ছিল, তার থেকে এবার ৪০ শতাংশ বেড়ে যায়।