প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে আছে ভারত। রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি তাই জিততে মরিয়া রোহিত শর্মারা। আর বাংলাদেশ? প্রথমবারের মতো ভারতের মাটিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চায় তারা এ ম্যাচেই। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তো বলেই দিচ্ছেন, ‘ওরা সিরিজে ফিরতে মরিয়া, আমরাও মরিয়া।’
বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। তার আগে বুধবার অনুশীলনের ফাঁকে কথা বলেন দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও মাহমুদউল্লাহ রিয়াদ।
আগের ম্যাচের ভুল শুধরে রাজকোটে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন রোহিত। স্বাগতিকেরা যে জিততে মরিয়া তা ফুটে উঠেছে রোহিতের কথায়। মাহমুদউল্লাহ বলছেন, ‘আমরা হয়তো কিছুটা হলেও আঁচ করতে পারছি তারা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করবে। আসলে ওরা মরিয়া হয়ে আছে। আমরাও কিন্তু মরিয়া হয়ে আছি।’
প্রথমবার ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, তামিম ইকবালদের ছাড়া এই সিরিজে কেমন করে টাইগাররা সেই ভয় ছিল শুরু থেকেই। কিন্তু সব শঙ্কা দূর করে বাংলাদেশ জিতে নেয় প্রথম টি-টোয়েন্টি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এমনকি ভারতের মাটিতেও বাংলাদেশের এটি প্রথম জয়।
সিরিজে এগিয়ে থাকায় এখন ভারতের মাটিতে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের। যে সুযোগটা নিতে মরিয়া মাহমুদউল্লাহর দল।
টাইগার অধিনায়ক তাই বলছেন, ‘এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। আমরা প্রথমবারের মতো ভারতে একটা দ্বি-পাক্ষিক (পূর্ণাঙ্গ) সিরিজ খেলতে এসেছি। যদি আমরা ভালো খেলে সিরিজটা জিততে পারি আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে।’