বাংলাদেশে একজনকে বিয়ে করে ভারতে গিয়ে আবার আরেকজনের সঙ্গে ঘর বেঁধে শ্রীঘরে যেতে হয়েছে হরিচাঁদ মণ্ডল নামের এক ব্যক্তির। দেশটিতে গিয়ে তাকে খুঁজে বের করেন সাতক্ষীরার মেয়ে তথা হরিচাঁদের ‘স্ত্রী’ ২৭ বছর বয়সী তাহমিনা খাতুন।
তাহমিনা খাতুনের দাবি হরিচাঁদের সঙ্গে তার যোগাযোগ অনেক দিনের। দুজনেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। ২০১৮ সালে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরেই হরিচাঁদ ভারতে চলে যান।
অভিযোগ, পশ্চিমবঙ্গের গাইঘাটার মোড়ল ডাঙা গ্রামে গিয়ে থাকা শুরু করলে তাহমিনাকে এড়িয়ে চলতে থাকেন হরিচাঁদ।
এক সময় হরিচাঁদ তাহমিনাকে বলেন পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে।
‘আমি বাংলাদেশে একটি স্কুলে চাকরি করি। পাকাপাকি ভাবে এখানে চলে আসা সম্ভব নয়। তাই আসতে পারিনি,’ ভারতীয় গণমাধ্যমকে তাহমিনা বলেন, ‘এই সুযোগ নিয়ে হরিচাঁদ এপারে ফের বিয়ে করে।’
বুধবার সেই ক্ষোভেই হরিচাঁদের মোড়ল ডাঙার বাড়িতে হানা দেন তাহমিনা। হরিচাঁদ যাতে পালাতে না পারেন, তা নিশ্চিত করতে বাড়ির দরজায় তালাও দিয়ে দেন। পুলিশ হরিচাঁদকে উদ্ধার করতে এলে তাহমিনার সঙ্গে ধস্তাধস্তি হয়।
তাহমিনার অভিযোগ, হরিচাঁদ দুই দেশের পরিচয়পত্রই ব্যবহার করে।
পুলিশ বলছে, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।