ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি আগামী ১৪ নভেম্বর। তার আগে আজ নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা। গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওমানের স্থানীয় লিগের দল মাসকট ক্লাবের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এই ম্যাচটি দলের ইংলিশ কোচ জেমি ডে দেখছেন গোটা দলকে আরেকবার একসঙ্গে পরখ করে নেওয়ার সুযোগ হিসেবে। তিনি এই ম্যাচে ২৩ জন শিষ্যকেই দেখে নিতে চান। গতকাল ওমান থেকে ফোনে ৪০ বছরের এই কোচ বলেছেন, ‘দলের বেশিরভাগ সদস্য শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ খেলেছে। আবাহনীর খেলোয়াড়রা কেবল একটু বিশ্রাম পেয়েছে। দু’দিনে যা দেখলাম দলের ফিটনেস খুব ভালো অবস্থায় আছে। এখন কেবল বিভিন্ন ক্লাব থেকে আসা ফুটবলারদের একসঙ্গে খেলতে দেখতে চাই।’ এই ম্যাচ দিয়ে অবশ্য ওমান ফুটবলের শক্তি সম্পর্কে কোনো ধারণা না পাওয়ার কথাই বলেছেন জেমি, ‘এটা শুধুই একটা প্রীতি ম্যাচ। আমাদের ১৪ তারিখ যে দলটির সঙ্গে খেলতে হবে তারা খুবই শক্তিশালী। তারা চাইবে এই গ্রপ থেকে কোয়ালিফাই করতে।’