প্রকাশিত সংবাদে ‘রাজারবাগ দরবারের’ মুখপাত্রের বক্তব্য

দেশ রূপান্তরে ২ থেকে ৪ অক্টোবর প্রকাশিত তিনটি সংবাদ যথাক্রমে ‘মামলাবাজ পীর সিন্ডিকেট’, ‘চার দলে সক্রিয় ৪০ মামলাবাজ’ ও ‘পীর সিন্ডিকেটের কব্জায় কত জমি’ শীর্ষক সংবাদ প্রসঙ্গে বাখ্য দিয়েছেন রাজারবাগ দরবার শরিফের মুখপাত্র ও দৈনিক আল-ইহসান ও মাসিক আল-বাইয়্যিনাত সম্পাদক আল্লামা মুহাম্মদ মাহবুব আলম।

তিনি বলেন, ‘রাজারবাগ দরবার শরিফের মুর্শিদ কিবলাকে জীবনের চেয়ে বেশি মহব্বত করেন ভক্তরা। ১৯৯১ সাল থেকে মাসিক আল বাইয়্যিনাত ও ১৯৯৬ সাল থেকে প্রকাশিত আল-ইহসানের পৃষ্ঠপোষক পীর দিল্লুর রহমান। তিনি সবসময় সত্যের ওপর চলেন এবং মুরিদদেরও চলতে বলেন। তাদের মধ্যে কেউ যদি অন্য কোনো রকমে চলে তার জন্য রাজারবাগ দরবার শরিরের মুর্শিদ কিবলা দায়ী নন। বাংলাদেশের প্রচলিত আইনি ব্যবস্থায় কোনো অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকেই দোষী বা অপরাধী সাব্যস্ত করা যায় না। সেখানে প্রকাশিত তিন সংবাদের প্রতিবেদক সাজানো গল্প শুনেই প্রতিবেদন তৈরি করেছেন। রাজারবাগ দরবার শরিফের মুর্শিদ কিবলার বিরুদ্ধে অপপ্রচার করে উনার মানহানি করার অপচেষ্টা করছেন।’

প্রতিবেদকের বক্তব্য : সংবাদের বিষয়বস্তুর কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা দেওয়া প্রতিবেদনটি করা হয়েছে ভুক্তভোগী মানুষের অভিযোগ ও তাদের কাছ থেকে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে। ওই তিন প্রতিবেদনে আল্লামা মুহাম্মদ মাহবুব আলমের বক্তব্য নেওয়া হয়েছে। সংবাদে যে কয়টি বক্তব্য ছাপা হয়েছে তার প্রত্যেকটির অডিও বা ভিডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে।