আমিরের সিনেমায় যুক্ত হলেন শাহরুখ

বলিউডের তিন খানের সম্পর্ক নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে। শত্রুতার যত খবর শোনা যাক না কেন বাস্তবে তাদের রসায়ন অন্যরকম। তা ফের প্রমাণ হলো।

পরস্পরের সিনেমা প্রচারের দায়িত্বও দারুণভাবে পালন করেন শাহরুখ-সালমান-আমির। বুধবার মিস্টার পারফেকশনিস্টের পরের ছবি ‘লাল সিং চাড্ডা’র লোগো মুক্তির পরই দেখা গেল কিং খান এর প্রশংসায় মেতেছেন। যা এক ধরনের প্রচারও বটে।

আমিরের লোগো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শাহরুখ লেখেন, “বন্ধু তুমিই একটা গোটা গল্প। অল দ্য বেস্ট তোমার নতুন জার্নির জন্য।”

জানা গেছে, লাল সিং চাড্ডার ভিএফএক্স-এর কাজ করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ। সংস্থার পক্ষ থেকে টুইটারে এই ঘোষণা এসেছে।

আমির কাজ করলে একেবারে নিখুঁত না হওয়া পর্যন্ত হাল ছাড়েন না। তা ছাড়া তার কাজ করার ধরনও একেবারেই আলাদা। তাই বলিউডে আমির খানকে মিস্টার পারফেকশনিস্ট বলা হয়।

১৯৮৬ সালে ‘ফরেস্ট গাম্প’ শিরোনামের উপন্যাস লেখেন মার্কিন লেখক উইনস্টোন গ্রুম। পরে ১৯৯৪ সালে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন রবার্ট জেনাকিস। মুক্তির পর থেকে টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ সেরা ছবি, পরিচালনা ও অভিনয়সহ মোট ছয়টি অস্কার জিতে নেয়।

সেই অস্কারজয়ী ছবির রিমেক হিসেবে তৈরি হচ্ছে ‘লাল সিং চাড্ডা’। প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করছেন আমির। সঙ্গে আছেন কারিনা কাপুর খান, বিজয় সেতুপতিসহ অনেকে। মুক্তি পাবে ২০২০ সালের বড়দিন উপলক্ষে।